দামুড়হুদা কার্পাসডাঙ্গা বাজারের অ্যাপোলো ক্লিনিকে অনিয়ম, ১ লাখ টাকা জরিমানা ও সেবা বন্ধ

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবায় গুরুতর অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। তদন্তে জানা যায়, এক রোগীর অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি ছিল না এবং চিকিৎসা প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি দেখা যায়, যা রোগীর জীবন ঝুঁকির মুখে ফেলে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া লাইসেন্স বাতিলসহ আরও প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা হবে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম বলেন, ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় মানদণ্ড ও অবকাঠামোর ঘাটতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে এবং আপাতত প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






















