বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ বদলগাছীতে ধানবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত বৃদ্ধার পেটের ওপর দিয়ে ট্রাকের চাকা উঠে যাওয়ায় ঘটনাস্থলজুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে।
রোববার (১৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর সেতুর পশ্চিম পাশে পোস্ট অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার (৭৫) মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মৃত নাজিম উদ্দিন সরকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ছয় চাকার ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২১৫৯) বদলগাছীর ছোট যমুনা ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ডাকবাংলা ফিডার সড়ক থেকে একটি মোটরসাইকেল মূল সড়কে ওঠে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মো. সারমাদুর রহমান। এ সময় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা শামসুন্নাহার ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যান। এতে তার পেটের ওপর দিয়ে ট্রাকের চাকা উঠে গুরুতর জখম হন তিনি।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। তবে দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, দুর্ঘটনার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।






















