দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেলগেটে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দুধপাতিলা রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রায়হান রাজ (২০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুর গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২)। গুরুতর আহত হয়েছেন ডুগডুগি কলোনিপাড়ার রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের ইমন (২৫)।
আহত আব্দুল কাদের জানান, তারা তিনজন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইল এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভাষা ও ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ নিচ্ছিলেন। বিকেলে একটি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুধপাতিলা রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে আসা মহানন্দা ট্রেনটি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু জানান, মরদেহ জিআরপি ফাঁড়িতে নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















