বদলগাছীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ হাজার ৫’শত ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার ৫’শত ৬০ জন কৃষক বিভিন্ন ফসলের জন্য সরকারি প্রণোদনা পাচ্ছেন এর মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, উফশী রোপা আমন, বিভিন্ন সবজির বীজ, ফলজ ও লেবুর চারা। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৬ জন কৃষককে দেওয়া হচ্ছে এয়ার ফ্লো মেশিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, উন্নত জাতের ফসল চাষে আগ্রহ বাড়বে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের হাতে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
এদিকে উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় চাষাবাদের খরচ কমবে এবং তারা অধিক উৎপাদনের ব্যাপারে আশাবাদী।।
















