কুষ্টিয়ার কুমারখালীতে কলাবাগান থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া অফিস।।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের একটি কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২ টার দিকে সাঁওতা গ্রামের উত্তরপাড়া এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত বাদশা শেখ স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। এবং সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে।
নিহতের আত্মীয় চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড মেম্বর হেলাল শেখ জানান, নিহত বাদশা তার ফুফাতো ভাই। প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
আজ (বুধবার) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বাদশার মরদেহ শনাক্ত করেন তাঁরা।
বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনরা শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।























