দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভা: শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে কড়াকড়ি, ২০ মণ্ডপে পূজা উদযাপন

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি রোধে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি বজায় রাখতে হবে। পাশাপাশি দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়ার ওপর জোর দেন তিনি। শিক্ষকরা শিক্ষার্থীদের দ্বিতীয় অভিভাবক উল্লেখ করে তাদের সঠিক পথে পরিচালনায় শিক্ষক-অভিভাবকের সমন্বিত ভূমিকার কথা বলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দামুড়হুদা ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়। এ সময় পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়।
সভায় জানানো হয়, দামুড়হুদা উপজেলায় মোট ২২টি পূজামণ্ডপ থাকলেও এবার ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্জিত হবে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জামায়াতে ইসলামীর দামুড়হুদা থানা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা শারদীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি সঞ্জয় হালদার, সাধারণ সম্পাদক শোভন দাস এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


















