দর্শনায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি: বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিমুল রেজা।।
চুয়াডাঙ্গার দর্শনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ওআনন্দঘন পরিবেশে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর গৌরবময় ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উৎসব উদযাপিত হয়েছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর সকাল ১০ টায় এই বিশেষ মাইলফলক উপলক্ষ্যে দর্শনা শাখা (পুরাতন বাজার, মুজিবনগর রোড) কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলী (শোভাযাত্রা) বের করা হয়। রেলীটি দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্যাংক কার্যালয়ে এসে এক বিশেষ আলোচনা সভায় মিলিত হয়।
ব্যাংকের ৫ দশকের এই দীর্ঘ ও সফল পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকবৃন্দ, শুভানুধ্যায়ী এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সুবর্ণজয়ন্তীর একটি বিশেষ কেক কাটার মাধ্যমে আনন্দ উৎসবের সূচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৬ সালে যাত্রা শুরু করা। আইএফআইসি ব্যাংক আজ দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকের অবিচল বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিগত ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দশকের এই গৌরবময় পথচলায় ব্যাংকের অগ্রযাত্রার সহযোগী হওয়ায় স্থানীয় সর্বস্তরের গ্রাহকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ। উল্লেখ্য, আজ দর্শনা শাখার পাশাপাশি দেশজুড়ে থাকা আইএফআইসি ব্যাংকের ১,৪০০-এরও বেশি শাখা ও উপশাখায় একযোগে বর্ণাঢ্য উপায়ে এই সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে । সভা শেষে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।























