মহেশপুরে মাদকসেবনের অভিযোগে ২ জন গ্রেপ্তার, ডোপ টেস্টে পজিটিভ

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে মাদকসেবনকালে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ডোপ টেস্টে তাঁদের মাদকসেবনের বিষয়টি প্রমাণিত হলে সংক্ষিপ্ত বিচারে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা পরোয়ানামূলে তাঁদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মাদকসেবন করে ভারসাম্যহীন অবস্থায় চিৎকার-চেঁচামেচি ও অশালীন আচরণ করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার গাদাবাড়ীয়া গ্রামের আব্দুল খালেক জান্নাতের ছেলে মো. শিবলী সাদিক (৩০) এবং গোপালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মেহেদী হাসান (৩১)।
গ্রেপ্তারের পর তাঁদের ডাক্তারি পরীক্ষা করা হয়। এতে ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসে। পরে তাঁদের ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের আবেদন করা হয়।
আদালত সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের অপরাধী সাব্যস্ত করেন। আদালত মো. শিবলী সাদিককে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মেহেদী হাসানকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরে আদালতের সাজা পরোয়ানামূলে তাঁদের সাজা ভোগের জন্য ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।






















