ঝিনাইদহে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি:
‘মৃত্যুদণ্ড জীবনের অধিকার কেড়ে নেয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস উদ্যাপিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে ওয়েলফেয়ার এফোর্টস (উই) ও নারীপক্ষের যৌথ উদ্যোগে উই-এর সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মানবাধিকারকর্মী ও সাবেক অধ্যক্ষ এন এস শাহজালালের সভাপতিত্বে এবং উই-এর পরিচালক শরিফা খাতুনের পরিচালনায় সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট দবির হোসেন, সাবেক কাউন্সিলর তহুরা বেগম, অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, সংবাদকর্মী শাহানুর আলম ও আসাদুজ্জামানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে এখনো ৫৬টি দেশে এ সাজা বহাল রয়েছে এবং ২৮টি দেশে আইন থাকলেও বাস্তবে তা কার্যকর করা হয় না।
বক্তারা আরও বলেন, মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ন করে এবং এর মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি থেকে যায়। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার সুরক্ষায় বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড রদের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ বিকাশের আহ্বান জানান তারা।


















