ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বপন ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ভাঙ্গাপোল এলাকার মেসার্স আরিফ ট্রেডার্সের সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেফতার স্বপন ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় এলাকার টলটলিপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্বপনকে ২৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।
ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


















