২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক (দৈনিক পদ্মা সংবাদ):
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শক্তিশালী করতে সরকার নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি চালুসহ বর্তমান ও সাবেক সদস্যদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, আধুনিক প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের উদ্যোগ এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। স্থলভাগের পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও সক্ষম করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সদস্য ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা জোরদারে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি কার্যকর করার কাজ অগ্রসর হচ্ছে। বাহিনীর শক্তিমত্তার ভিত্তি হিসেবে ‘চেইন অব কমান্ড’, শৃঙ্খলা, সততা ও জনগণের আস্থা বজায় রাখার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণের সূচনা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে সশস্ত্র সংগ্রামের নির্দেশনা এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন। এ বিষয়ে শহীদ জিয়ার লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধের উদ্ধৃতি দেন প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব, ২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা হত্যাযজ্ঞের প্রেক্ষাপট এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা অটুট থাকলে দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরে শহীদ সদস্যদের মাগফিরাত এবং আহতদের প্রতি সহমর্মিতা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।




















