চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টারে পাবজি টুর্নামেন্ট আয়োজন, পুলিশের অভিযানে আটক ১০৮

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
নিষিদ্ধ মোবাইল গেমস পাবজি প্রতিযোগিতায় অংশ নেয়ার দায়ে চুয়াডাঙ্গায় ১০৮ জনকে আটকের পর ২৪ জনকে দুই দিনের কারাদণ্ড ও বাকিদের মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার বিকেলে শহরতলীর দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে আটক করা হয়। তারা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে পাবজি টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য চুয়াডাঙ্গায় একত্রিত হয়েছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গায় আসে শতাধিক উঠতি বয়সী কিশোর ও যুবক। শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রাতভর পাবজি গেমস প্রতিযোগিতায় অংশ নেয়। এমন খবর পেয়ে বুধবার সকালে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় পাবজি টুর্নামেন্টে অংশ নেয়া ১০৮ কিশোর ও যুবককে আটক করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেয়া কিশোর ও যুবকরা জানায়, অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে চুয়াডাঙ্গায় খেলতে আসি। এখানে ১৯টা খেলোয়াড় গ্রুপ অংশ নেয়। প্রতি গ্রুপে ৪ জন করে সদস্য আছে। সবার সঙ্গে সবার খেলা হয়। খেলায় বিজয়ীদের ট্রফি উপহার দেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, আটককৃত সবাই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের সবার কাছ থেকে দামি দামি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, এখানে অর্থ লেনদেনের বিষয়টি লক্ষ্যনীয়। তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান প্রদান করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, আটককৃতদের বয়স বিবেচনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। যারা অপ্রাপ্তবয়স্ক তাদের অভিভাবকের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে আটককৃতের বিরুদ্ধে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।।





















