আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় ইটের ওপর পড়ে গিয়ে বাবা সানোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকেলে আলমডাঙ্গার বকশিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সানোয়ার হেসেনের সাথে মেয়ে ববিতার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অতিরিক্ত রাগান্বিত হয়ে মেয়ে ববিতা খাতুন পিতা সানোয়ার হোসেনকে জোরে ধাক্কা দিলে ছিটকে ইটের ওপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। সেসময় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসার অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সানোয়ার হোসেন মারা যান। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ সানোয়ারের মেয়ে ববিতা খাতুনকে আটক করে ।
আলমডাঙ্গা থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে। লাশ হাসপাতাল থেকে আসলে সুরতহাল রিপোর্ট শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।





















