চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধ (১৯-০৪-২৩)।। চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক মাদক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কাদিপুর গ্রামের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামে আবুল হোসেনের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত কিতাব আলি পেশায় একজন মাদক ব্যবসায়ী। সে বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি কাদিপুরে ঘর জামাই হিসাবে থাকতেন। আজ কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ গ্রামের মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। ঘর জামাই থাকতেন কিতাব। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মরদেহের পাশ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।।





















