চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা! ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী

অনলাইন নিউজ ডেস্ক।
ফের শহরে আগুন আতঙ্ক৷ এ দিন সকালে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে৷ বহুতলটির নীচে বাজার এবং উপরে আবাসিকরা থাকেন৷ ফলে বহুতলের ভিতর থেকে আবাসিকদের নিরাপদে বের করে নিয়ে আসেন দমকল কর্মীরা৷ ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷
এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ প্রথমে ৬ নম্বর ম্যাডন স্ট্রিটের ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন৷ ঘন ধোঁয়ায় ঢেকে যায় বহুতলের ভিতর এবং বাইরে৷ ফলে অক্সিজেন মাস্ক পরে বহুতলের ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকল কর্মীরা৷ যদিও আগুন ঠিক কোথায় রেখেছে তা চিহ্নিত করতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের৷
আরও পড়ুন: জীবন্ত দগ্ধ শিশু, আহত আরও ৯ যাত্রী! ওড়িশাগামী বাসে বিধ্বংসী আগুন খড়্গপুরে
পাশাপাশি মাইকে প্রচার করে আবাসিকদের এবং ব্যবসায়ীদের বহুতল খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেয় দমকল কর্মীরা৷ বহুতলটির নীচে প্রায় পঁচিশটি দোকান রয়েছে৷ যে ঘরের ভিতরে আগুন লেগেছে বলে দমকল কর্মীরা মনে করছেন, সেই ঘরের দরজা বন্ধ ছিল৷ ফলে দরজা কেটে অথবা ভেঙে আগুনের উৎসস্থলের কাছে পৌঁঁছনোর চেষ্টা করছে দমকল বাহিনী৷
এমনিতেই কালীপুজো ও দিওয়ালি উপলক্ষে চাঁদনি চক এলাকায় আলো ও বৈদ্যুতিন সরঞ্জাম কিনতে প্রচুর মানুষের ভিড় হয়৷ ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়৷
সূত্র : নিউজ ১৮ বাংলা।






















