চুয়াডাঙ্গায় আজও তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস

টানা তাপপ্রবাহের রেকর্ড গড়ে এপ্রিল বিদায় নিলেও মে মাসের শুরুতেও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারই প্রমাণ পাওয়া গেল চুয়াডাঙ্গায়। বুধবার (১ মে) চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ রকম তাপপ্রবাহ আরো দু-এক দিন অব্যাহত থাকতে পারে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় ভাপসা গরম অনুভূত হচ্ছে। এই দাবদাহে সবচাইতে বেশি বিপাকে পড়েছে দিনমজুর খেটে খাওয়া রিকশা-ভ্যানচালকরা।
এর আগে গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) চলতি মৌসুমের সর্বোচ্চ রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে জানা গেছে, তীব্র তাপ্রবাহে এ জেলার মানুষ ও প্রাণিকুল ওষ্ঠাগত।
সকালের দিকে মানুষ বিভিন্ন কাজে বের হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা। এ সময় মানুষ দুপুরের আগেই ঘরে ফিরছে। ফাঁকা হয়ে যাচ্ছে সড়কে যান চলাচল। তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
বাড়ি ফিরেও স্বস্তি পাচ্ছে না মানুষ। প্রচণ্ড রোদে ঘর গরম হয়ে যাচ্ছে, ফ্যানের বাতাসে আগুনের তাপ। পথচারীদের মাঝে বিতরণ করা হচ্ছে শরবত, পানি, খাওয়ার স্যালাইন।
দামুড়হুদা দশমী পাড়ার সেলিম উদ্দিন (৩৫) বলেন, ‘রোদ গরমে ঘরে বসে থাকলে আমরা না খেয়ে মরব। ভাড়া হচ্ছে না, তার পরও ভ্যান নিয়ে বেরুতে হচ্ছে।
সামান্য যা উপার্জন হচ্ছে তা দিয়েই দু’বেলা ভাতের ব্যবস্থা কোনোমতে হচ্ছে।’
ইজি বাইক চালক সুজন মিয়া বলেন, ‘সকালের বের হয়ে বেলা ১০-১১টা পর্যন্ত দেড় শ টাকার মতো ভাড়া হচ্ছে। এতে সংসার চলে না। বেলা বেড়ে গেলে রাস্তায় লোকজনের চলাচল কমে যাচ্ছে। প্রচণ্ড রোদে গাড়ি চালানো যাচ্ছে না।’
কৃষক আব্দুস সামাদ জানান, ধানক্ষেতে সেচ দিতে পারছেন না। সকালে দুই-তিন ঘণ্টার বেশি শ্যালো মেশিন চালানো যাচ্ছে না। মেশিন গরম হয়ে ব্লাস্ট হয়ে যাচ্ছে।


























