চুয়াডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুই ভিক্ষুককে চায়ের ফ্লাস্ক কেটলি চা সংশ্লিষ্ট উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার।।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের আওতায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুই জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে চায়ের ফ্লাস্ক, কেটলি, চা সংশ্লিষ্ট উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপকরণ বিতরণ করা হয়। সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এর নির্দেশনা ও তার দেখানো মডেল অনুসরণ করে ভিক্ষুক পুনর্বাসনে এধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু , চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা , অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম , প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ। পরে দুইজন উপকারভোগী নতুন ফ্লাক্স দিয়ে চা বানিয়ে অতিথিদের আপ্যায়ন করেন।






















