লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আটক ১

কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় নাফিস আহমেদ ইকরাম নামের এক কলেজছাত্রকে আটক করা হয়। আটক ইকরাম লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টা থেকে জেলা শহরের মাদাম ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।
পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আট দফা দাবি নিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন কোটা বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে বিকেল ৩টা থেকে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় ঝড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ৪টা থেকে ৫টা পর্যন্ত তারা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ মাদাম ব্রিজ এলাকায় বিক্ষোভ করেনে।
এ সময় তারা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে দুই পাশে যানজট সৃষ্টি হয়। একই সঙ্গে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিলেন শিক্ষার্থীরা।
নাশকতাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, কোটা আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ইকরাম নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























