রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে নিহত ৭

অনলাইন ডেস্ক।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলছে। অপরদিকে দেশজুড়ে কারফিউ চলমান। এর মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দেশের বিভিন্ন এলাকায় ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এসব ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর কাজলায় ৩ জন, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ২ জন, এ ছাড়া অন্যান্য এলাকায় আরও ২ জন নিহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
কাজলায় নিহত ৩ জনের মধ্যে একজনের নাম আব্দুর রহমান। সে নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী। অপর একজনের নাম রাসেল। তার বয়স আনুমানিক ২৫ বছর। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
অপরদিকে ঢাকা মেডিকেল এলাকায় গুলিতে নিহত দুজনের মধ্যে একজনের নাম মানিক মিয়া। তিনি যমুনা ব্যাংকের কর্মকর্তা। অপরজন রাকিব হোসেন। তিনি সাইথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশাল।



















