নিজের দেশে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

নিজেদের দুর্গে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত। তারা খাদের কিনারে চলে গিয়েছিল মাত্র ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে। তবে ঋষভ পান্তের ব্যাটের তালে সেই পেন্ডুলাম দুলছিল দু’দিকে। মনে হচ্ছিল এই ভারত, না আবারও নিয়ন্ত্রণ সফরকারী নিউজিল্যান্ডের হাতে। তবে পান্তের লড়াই থামিয়ে কিউইরাই তুলে নিলো জয়। ২৪ বছর পর নিজেদের দুর্গে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।
হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকার কাছে ২০০০ সালে সর্বশেষ ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হয়েছিল শচীন টেন্ডুলকারের ভারত। এরপর নিজের ঘরে হোয়াইটওয়াশ তো দূরের কথা, পরবর্তী দুই দশকেই কেবল একটি টেস্ট সিরিজ হারে। সেই হারের পর সময়ের হিসাবে এক যুগ এবং ১৮ সিরিজ অপরাজেয় ছিল রোহিত-কোহলিরা। সেই বৃত্ত তো ভেঙেছেই, ২৪ বছর হোয়াইটওয়াশ না হওয়ার কীর্তিও তছনছ করে দিয়েছে নিউজিল্যান্ড।
তবে ভারত প্রোটিয়াদের বিপক্ষে আগের হোয়াইটওয়াশ হয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজে। এবার তাদের আরও বড় তিন ম্যাচের সিরিজে তিক্ত পরাজয়ের গ্লানিতে ডোবাল টম ল্যাথামের কিউই শিবির। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে কিউইদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যটা ছোট মনে হলেও, আদতে রোহিতের শহরটি নাটকীয় রোমাঞ্চ মঞ্চস্থ করতে প্রস্তুত ছিল। নিজেদের বানানো স্পিন ফাঁদে আটকে ভারতীয় ইনিংস থেমেছে ১২১ রানে।
ভারতের মাটিতে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জিতলো নিউজিল্যান্ড। ১৪৬ রানের পুঁজি গড়ে তাদের জয় এসেছে ২৫ রানে। রোহিতদের দুর্গে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয়ের রেকর্ডটাও এসেছিল এই ওয়ানখেড়েতেই। যদিও সেবার ভারত জিতেছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের টার্গেট ছিল ১০৭ রানের। ভারত সেই ম্যাচটি ১৩ রানে জিতলেও ২-১ ব্যবধানে অজিরাই সিরিজ জিতে। এরপর নিজেদের দুর্গে ভারত সিরিজে অপরাজেয় ছিল ১২ বছর।
এর আগে ওয়ানখেড়ে স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রান তুলেছিল। আজ (রোববার) তৃতীয় দিনে খেলতে নেমে তার খেলেছে কেবল ৮ বল। দিন শুরুর ১৪ মিনিটেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ১৭৪ রান তুললেও ভারতের (২৮) লিড পেরিয়ে তাদের পুঁজি দাঁড়িয়েছে ১৪৬ রানের। সেই রানও কঠিন করে তুলেছেন এজাজ প্যাটেলরা (৩ উইকেট)।
ভারতের সামনে লক্ষ্যটা ছোট হলেও বেশ কঠিনই হতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল। কারণ ওয়ানখেড়েতে টেস্টে এর আগে পাঁচবার রান তাড়া করতে নেমে ভারত জিততে পেরেছে মাত্র একবার। আর হেরেছে তিনবার। ড্র করেছে একটিতে। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে জয়টা এসেছিল আবার মাত্র ৪৮ রানের লক্ষ্য পেরিয়ে। অন্য চারটি ম্যাচেই অবশ্য লক্ষ্যটা ২৪০ রানের বেশি ছিল। সবমিলিয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামেই রানতাড়া করে জয়ের নজির আছে মোটে ৫ বার। তার মাঝে কেবল একবারই ১০০ এর বেশি টার্গেটে ব্যাট করে কোনো দল জয় পেয়েছে।

























