আরও ১১ ফুটবলার ডেকেছেন ক্যাবরেরা

স্পোর্টস ডেস্ক।।
এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থ মিশন শেষে দেশে ফেরা বসুন্ধরা কিংসের ১১ ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশের টিম হোটেলে আগামীকাল বিকেলে ১১ ফুটবলারকে রিপোর্ট করতে বলা হয়েছে।
চলতি নভেম্বরে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই লক্ষ্যে বাংলাদেশ হেড কোচ প্রথম দফায় ১৬ জন ফুটবলার ডেকেছিলেন। তিনি শিষ্যদের নিয়ে ১ নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছেন।
আগের সেই স্কোয়াডে দুই জন গোলরক্ষক ছিলেন। আজ প্রকাশিত আরো ১১ জন ফুটবলারের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক জিকো ও শ্রাবণ। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হলে একজন গোলরক্ষক বাদ পড়বেন।
জাতীয় দলে ডাক পাওয়া কিংসের ১১ ফুটবলার হলেন- আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসনে রাহুল, মজিবর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।

























