বাংলাদেশের মেয়েদের আশাভঙ্গ

প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে পা দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ইতিহাস গড়ার সুযোগও ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হয়ে গেছে। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতেছে ভারতের মেয়েরা।
ভারত টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশের মেয়েরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ব্যাটিং বিপর্যয়ের এমন ম্যাচে ১৮ ওভার তিন বলে ৭৬ রানে অলআউট হয়ে যায়।
রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় আট রানের মাথায় শুণ্য রানে ফিরে যান মৌসুমী ইভা। পাওয়ার প্লে’র পঞ্চম ওভারের শেষ বলে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। এ সময় আউট হন সুমাইয়া আক্তার। তিনি একটি চারে আট রান করেন। বাংলাদেশের স্কোর তখন ২৪।
সেখান থেকে ফাহোমিদা ছোয়া ও জুয়াইরিয়া ফেরদৌস ২০ রানের জুটি গড়ে আশা জাগান। কিন্তু ৪৪ রানের মাথায় এই জুটি ভাঙার পর শুরু আসা-যাওয়ার মিছিল। ছোয়া দু’টি চারে ১৮ রান করে আউট হন। এছাড়া বাংলাদেশের কেউ আর দু’অঙ্কের কোটা ছুঁতে পারেননি। জুয়াইরিয়া ৩০ বলে তিনটি চারে সর্বোচ্চ ২২ রান করেন।
বাংলাদেশ শেষ ছয়টি উইকেট হারায় মাত্র ১২ রানের ব্যবধানে। অর্থাৎ চার উইকেটে ৬৪ রান তুলে ৭৬ রানে অলআউট হয়ে যায় তারা। ছোয়া ফেরার পর ৫৫ রানের মাথায় সুমাইয়া আক্তার পাঁচ, ৬৪ রানের মাথায় জুয়াইরিয়া, ৬৮ রানের সময় সাদিয়া আক্তার পাঁচ, ৬৯ রানে হাবিবা ইসলাম এক, ৭২ রানের মাথায় জান্নাতুল মাওয়া তিন, ৭৪ রানে নিশিতা আক্তার নিশি এক ও ৭৬ রানে শেষ ব্যাটার হিসেবে শূন্যরানে আউট হন আনিসা আক্তার সোবা। তাতে কাঙ্খিত লড়াইটুকুও করতে পারেনি মেয়েরা।
ভারতের আয়ুশি শুক্লা তিন ওভার তিন বলে ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। পুরুনিকা সিসোদিয়া তিন ওভারে ১২ রান দিয়ে নেন দু’টি উইকেট। আর সোনম যাদব চার ওভারে ১৩ রানের বিনিময়ে শিকার করেন দু’টি উইকেট।
তার আগে ভারত ব্যাট করতে নেমেও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। কিন্তু তাদের আসা-যাওয়া মিছিলের মধ্যেও একপ্রান্ত আগলে ব্যাটিং করেন গঙ্গাদী তৃষ্ণা। তিনি ৪৭ বলে পাঁচটি চার ও দু’টি ছক্কায় ৫২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন মিথিলা ভিনোদ। এছাড়া অধিনায়ক নিকি প্রসাদ ১২ ও আয়ুশি শুক্লা করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। কিন্তু তৃষ্ণার ব্যাটে লড়াকু পুঁজি পেয়ে যায় ভারতের মেয়েরা। যার ধারে-কাছেও যেতে পারেনি বাংলাদেশের কিশোরীরা।
বল হাতে বাংলাদেশের ফারজানা ইয়াসমিন চার ওভারে ৩১ রান দিয়ে চারটি উইকেট নেন। নিশিতা আক্তার নিশি চার ওভারে ২৩ রানে নেন দু’টি উইকেট। আর হাবিবা ইসলাম চার ওভারে ২০ রান দিয়ে নেন একটি উইকেট।
ফাইনালে ম্যাচসেরা হয়েছেন ভারতের তৃষ্ণা।


























