বিদ্যুতায়িত হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু!

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।
পরিবারের সদস্যদের ভাষ্য, দুই শিশু সাইফা ও হামিদা দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল। একপর্যায়ে খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর চেষ্টা করে। এ সময় তারা ফ্রিজে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকালে এ দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খেলার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শিশু মারা গেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


















