প্রতিটি ঘরে শান্তি পৌঁছে না যাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে

প্রতিটি ঘরে ঘরে সুখ, শান্তি ও মর্যাদা পৌঁছে না যাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছে না, ফলে জীবিকার তাগিদে একাধিক জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ‘মিল-কারখানায় নারী শ্রমিকদের নামাজ পড়ারও কোনো ব্যবস্থা নেই। মালিকদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এসব মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট হন।’
আজ বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা বলছি তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারী ও পুরুষ সবাই মিলে স্ব-স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় আমরা সবাই মিলে অবদান রাখব।
শ্রমিক বাঁচলে ব্যবসা বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক যদি না বাঁচে ব্যবসা বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবেন মালিক-শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাহলে আমরাও বাঁচব। কারণ কর্মস্থল যদি ধ্বংস হয়ে যায় দাবিটা করবো কার কাছে। এজন্য উভয়পক্ষের দায়দায়িত্ব আছে।
জামায়াতের আমীর বলেন, ‘ইসলামি আইন বাস্তবায়ন ছাড়া টেকসই ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব না। মালিকেরা শ্রমিকদের সম্মান দিলে শ্রমিকরা তাদের পুরো স্বতঃস্ফূর্ত শ্রম দেবে ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা মানুষদের সম্মান দেখাতে চাই।’
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এএইচএম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

























