ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দিয়োগো জোতা

ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পর্তুগালের অন্যতম সেরা ফরোয়ার্ড ও লিভারপুল তারকা দিয়োগো জোতা আর নেই। মাত্র ২৮ বছর বয়সে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এই দুর্ঘটনায় জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও জোতাও নিহত হন, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন।
স্পেনের সংবাদমাধ্যম মার্কা এবং দ্য সান জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং আগুন ধরে যায়। কাস্তিলিয়া ই লেওন অঞ্চলের জরুরি সেবা নম্বরে একাধিক ফোন কল আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসা টিম। মোম্বুয়ি স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে দিয়োগো জোতা ও তার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করে।
মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিয়োগো জোতা। ইনস্টাগ্রামে পোস্ট করা বিয়ের ছবিতে তাদের তিন সন্তানকেও দেখা যায়। ছবির ক্যাপশনে জোতা লিখেছিলেন, “২২ জুন, ২০২৫। চিরকালের জন্য হ্যাঁ।”
আরও পড়ুন…
কর্মস্থলের দায়িত্ব : কাজে অবহেলা গুনাহর শামিল
বিশ্বকাপের আগেই ফাঁস আর্জেন্টিনার নতুন জার্সি!
জোতার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে। এরপর তিনি খেলেন পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়ে। ২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়ে দ্রুতই নিজেকে প্রমাণ করেন। লিভারপুলের জার্সিতে ১৮২টি ম্যাচে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
জার্গেন ক্লপের অধীনে জোতার উত্থান ছিল অনুপ্রেরণাদায়ক। পরে আর্নে স্লটের অধীনে লিভারপুলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।
জোতার এই আকস্মিক মৃত্যুতে লিভারপুল, পর্তুগাল এবং বিশ্ব ফুটবল এক প্রতিভাবান খেলোয়াড়কে হারাল। তার পেশাদারিত্ব, নিষ্ঠা এবং মাঠের কর্মক্ষমতা ফুটবলপ্রেমীদের মনে চিরকাল অম্লান হয়ে থাকবে।
এই করুণ বিদায় যেন আরও একবার স্মরণ করিয়ে দেয়—জীবন কতটা অনিশ্চিত ও ক্ষণস্থায়ী।
বিশ্ব ফুটবল তাকে মনে রাখবে একজন দুর্দান্ত ফরোয়ার্ড, নিখুঁত পেশাদার ও প্রেরণাদায়ী মানুষ হিসেবে। এই দুর্ঘটনায় শোকস্তব্ধ লিভারপুল, পর্তুগাল ও গোটা ফুটবল বিশ্ব। দিয়েগো জোতা ও আন্দ্রে সিলভার প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

























