দেশজুড়ে ২০টি নতুন ও পুনর্নির্মিত ফায়ার স্টেশন নির্মাণে সরকারের উদ্যোগ

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২০টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১২টি সম্পূর্ণ নতুন এবং ৮টি পুরাতন ফায়ার স্টেশন পুনর্নির্মাণ করা হবে। এই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে অন্যতম।
রোববার, ২৭ জুলাই রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।
২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৫০ কোটি ৯৬ লাখ টাকা। এই প্রকল্পটি জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় আরও ছয়টি নতুন, চারটি সংশোধিত এবং দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ব্যয় বৃদ্ধির প্রয়োজন না থাকায়।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।























