বাংলাদেশের কিশোরীদের জয়

অনলাইন ডেস্ক।।
সাফের নতুন মিশনে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল ভুটানে। বুধবার শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।র্ আধিপত্য ধরে রেখে ৩-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশের কিশোরীরা।
ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে বাংলাদেশ। দুই উইং ধরে আক্রমণে উঠে ভীতি ছড়াতে থাকে স্বাগতিকদের রক্ষণভাগে। তবে গোল দেখা পাচ্ছিল না কোনোভাবেই। কখনো নিজেদের ভুল, কখনো প্রতিপক্ষের বাধা আবার কখনো গোলবারের বাধায় পাওয়া হচ্ছিল না সোনার হরিণ গোল।
মাঝখানে আবার প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মিডফিল্ডার মৌমিতা খাতুন। চোটের মাত্রা এতটাই গুরুতর ছিল যে, শেষ পর্যন্ত তুলে নিতে হয় তাকে।
সবমিলিয়ে যেনো হতাশা ঘিরে ধরেছিল বাংলাদেশকে। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সব হতাশাকে জয় করে লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচের ডেডলক ভাঙ্গেন সুরভী আকন্দ প্রীতি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান ডিফেন্ডার আরিফা আক্তার। সেই বল গ্লাভসবন্দি করতে এগিয়ে আসেন ভুটানের গোলরক্ষক। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। সামনে থাকা প্রীতি হেডে বল জড়িয়ে দেন জালে।
এই এক গোলের লিড নিয়ে হাসতে হাসতে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরে অবশ্য দ্বিতীয় গোল পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৫৪ মিনিটে অবিশ্বাস্য এক গোল করেন আলপি। বক্সের বাইরে থেকে বুলেট গতির এক শটে। দ্বিতীয় গোলের আনন্দটা অবশ্য বেশিক্ষণ থাকেননি। মেঘলার ভুলে ব্যবধান কমান রিনজিন দেমা চোদেন। ৬১ মিনিটে হাত ফসকে বল বের হয়ে গেলে তা জালে জড়াতে ভুল করেননি দেমা।
ম্যাচে ফেরার চেষ্টা করা ভুটানকে অবশ্য চার মিনিট পরেই ছিটকে দেয় বাংলাদেশ। কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করেন আলপি। এতে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল পান তিনি। ৬৭ মিনিটে আরও একটি গোল পেতে পারত বাংলাদেশ। কিন্তু বাঁ প্রান্ত থেকে মামনি চাকমার দুরপাল্লার শট গোলরক্ষককে পরাস্ত করেও জালে জড়ানোর সুযোগ পায়নি। প্রতিপক্ষের এক ডিফেন্ডার বলকে গোল লাইন অতিক্রম করার আগেই হেডে ক্লিয়ার করেন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আগামী ২২ আগস্ট দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে।

























