দুর্গাপূজায় বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

অনলাইন ডেস্ক।।
আসন্ন দুর্গাপূজায় সারা দেশে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিকেলে বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে তিনি এ আহ্বান জানান।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘পূজামণ্ডপে শান্তি বজায় রাখা, যে কোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।’
পূজামণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পূজামণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।’
বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। যারা সুযোগসন্ধানী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা যাতে বিশৃঙ্খলা না করতে পারে এ ব্যাপরে সবাই সতর্ক ও সজাগ থাকবেন।’

























