ঝিনাইদহে জামায়াতের কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা।।
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। গত শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে আট প্যাকেট সরিষার বীজ, চার বস্তা ডিএপি সার, চার বস্তা পটাশ, এক বস্তা এমওপি সার এবং ১৯ কেজি মসুর বীজ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল ইসলাম জোয়ারদার জানান, শুক্রবার রাতে জামায়াতের সাইনবোর্ড লাগানো অফিসে সরকারি সার ও বীজের মজুদ দেখতে পেয়ে স্থানীয় জনতা সেখানে ভিড় জমায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ হাবীব ও সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ। তারা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে গিয়ে সার ও বীজের মজুদ দেখতে পান এবং উদ্ধার করে ঝিনাইদহে নিয়ে আসেন।
এ সময় ঘটনাস্থলে ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, কৃষক নাসির ম-ল, স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী, পাতা জোয়ারদার, আলম লস্কর ও ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজলোর অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার বা বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখার কোনো নিয়ম নেই। এটি স্পষ্ট অনিয়ম।’ তিনি বলেন, সার ও বীজ কার জন্য বরাদ্দ ছিল তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, দলীয় অফিসে সরকারি বীজ ও সার রাখার নিয়ম যদি থাকে তবে সমস্যা নেই। আর যদি না থাকে তবে কৃষি বিভাগ আইনগত ব্যবস্থা নিতে পারে। সেই বিষয়টি তিনি কৃষি বিভাগকে জানিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, এই সারগুলো বিতরণ করতে করতে রাত হয়ে গিয়েছিল। যার কারণে অফিসে রাখা হয়েছিল। গতকাল শনিবার সেগুলো বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে এ ধরনের সার উদ্ধারের কথা মিডিয়ায় প্রচার করছে। এই সারগুলো আত্মসাৎ কিংবা অন্য কোন উদ্দেশ্যে রাখা হয়নি। তিনি মনে করেন জামায়াতের জনপ্রিয়তায় ঈর্র্শ্বান্বিত হয়ে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে জামায়াত সুরাট বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
জামায়াত বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ : এদিকে সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের অফিস থেকে সরকারি সার ও বীজ উদ্ধারের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতের প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতা-কর্মীরা মহড়া দেয়। এসময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল শনিবার বিকাল সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের অফিস থেকে সরকারি সার ও বীজ উদ্ধারের ঘটনা নিয়ে জামায়াত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জামায়াত ঘটনাটি মিথ্যা ও স্থানীয় বিএনপির বিরুদ্ধে মব সৃষ্টি করে অপপ্রচারের অভিযোগ এনে সুরাট বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
জামায়াত নেতারা অভিযোগ করেন, ৫ আগষ্টের পর ঝিনাইদহে জামায়াতের সমর্থন বৃদ্ধি পাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে তারা পরিকল্পিতভাবে সার উদ্ধারের নাটক সাজিয়ে জামায়াতকে দোষারোপ করছে।
এদিকে বক্তব্য চলাকালে স্থানীয় বিএনপিকর্মী ও ইউনিয়ন মহিলা দলের আহ্বায়কের ছেলে মামুন হোসেনের নেতৃত্বে বিএনপিকর্মীরা সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুরাট বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।





















