বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট

অনলাইন ডেস্ক।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোট ও পিআর নিয়ে সাধারণ মানুষ এখনও বিভ্রান্ত, শীর্ষ নেতৃত্বের ভুল নীতির প্রভাব দেশের রাজনৈতিক দৃশ্যে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভোট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ বোঝে ‘ওয়ান ম্যান ওয়ান ভোট’। একজন ব্যক্তি ভোটে দাঁড়ালে তার পরিচিতি থাকে, আর মানুষ সেই মার্কায় ভোট দেয়। এটাই আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা।
তিনি আরও উল্লেখ করেন, পিআর (প্রত্যক্ষ ভোট) নিয়ে দেশের মানুষ এখনও বুঝতে পারছে না। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর সঠিক প্রভাব সাধারণ মানুষ এখনও ধরতে পারছে না এবং শেষ মুহূর্ত পর্যন্তও বুঝবে না।
মির্জা ফখরুল বলেন, পনেরো-ষোল বছর ধরে একটি ভয়াবহ, দানবীয় সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। নিজের লোক এবং দলের লোক বসানোর চেষ্টা করতে গিয়ে দেশের প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে সর্বদা প্রাধান্য দিয়ে এসেছে।

























