দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই সার ব্যবসায়ীকে অর্থদণ্ড

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনা এলাকায় সার মজুত, লাইসেন্স ও এলপিজি গ্যাসের বাজার তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযানে দুই সার ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দামুড়হুদা সদর, নতিপোতা ইউনিয়ন ও দর্শনা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। অভিযানে সহায়তা প্রদান করেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস।
অভিযান চলাকালে সারের লাইসেন্স, মজুত ও বিক্রয় সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী দুই ব্যবসায়ীকে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দর্শনা কলেজপাড়া এলাকার রাইসা সীড এর মালিক মো. রদিরুল হক (৪০) কে আইনের ১২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে দামুড়হুদা এলাকার মেসার্স আব্দুল ওয়াহেদ-এর মালিক মো. আব্দুল ওয়াহিদ (৪৯) কে একই আইনের ৮ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সারের পাশাপাশি এলপিজি গ্যাসের সরবরাহ ব্যবস্থা, লাইসেন্স সংক্রান্ত বিষয় এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সারের সঠিক সংরক্ষণ ও সরকারি বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম বলেন, কৃষক ও সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় সারের সঠিক মূল্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়ম রোধে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





















