আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ্ শরীফে ঐতিহাসিক বদর দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ্ শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ৪৬তম তালিমী জলসা, ইফতার ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খানকাহ্ শরীফের আয়োজনে এবং ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের বিশিষ্ট খাদেম আলহাজ্ব সূফী মোঃ আব্দুল গনি (মা:দা:জি) এর সভাপতিত্বে শনিবার (৭ মার্চ) ১৭ রমজান বাদ জোহর হতে খানকাহ্ শরীফ প্রাঙ্গণে ঐতিহাসিক বদর দিবস ও রমজানের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, ছারছীনা দরবার শরীফ হতে আগত, বাংলাদেশ যুব হিজবুল্লাহর কেন্দ্রিয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুফ্তি মোঃ কাজী মফিজ উদ্দীন জিহাদী। বিশেষ আলোচক ছিলেন, ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের বিশিষ্ট আলেমেদ্বীন ও পঞ্চগড় কেন্দ্রিয় জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মুফ্তি আ.ন.ম আব্দুল করিম। আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিজবুল্লাহ সংগঠনের পঞ্চগড় জেলা কমিটির নেতা মাওঃ মোঃ খাদেমুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান অনু প্রমুখ। এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যুগে যুগে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে অসংখ্য নবী ও রাসুল ধরার বুকে প্রেরিত হয়েছে। সর্বশেষ আগমন করেন ছৈয়্যদুল মুরসালিন হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে বেশী জুলুমের স্বীকার হতে হয়েছে নবীজিকে। শুধু তাই নয়, জিহাদের ময়দানে স্ব-শরীরে উপস্থিত থেকে বহু যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। ইতিহাসে এরকম একটি যুদ্ধ হলো ঐতিহাসিক বদর প্রান্তরে সংঘটিত যুদ্ধ। এ যুদ্ধে তিনশত তের জন মুসলিম মুজাহিদের বিপরীতে এক হাজার কাফের মুশরিক ছিলো। তবুও বিজয় ছিলো মুসলিমদের। এ বিজয় অর্জনের নেপথ্যে ছিলো নবীজির অশ্রুসজল দোয়া আর এখলাস। সাথে ছিলো সাহাবায়ে কেরামদের তৌহিদের প্রতি অটল বিশ্বাস এবং নবীজির প্রতি সুগভীর ভালোবাসা। যার ফলশ্রুতিতে ঈমানী তেজে বলীয়ান হয়ে বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। আলোচনা শেষে বাংলাদেশ যুব হিজবুল্লাহ পঞ্চগড় জেলা ও আটোয়ারী উপজেলার নব-গঠিত কমিটির নাম ঘোষনা করা হয়। পরে মিলাদ-ক্বিয়াম শেষে প্রধান আলোচক দেশ,জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।






















