নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর

অনলাইন ডেস্ক।।
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যমাছুম মোস্তাফার গাড়িতে জেলার পূর্বধলা উপজেলায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া এলাকায় মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী বলে দাবি করেছেন এমপি মাছুম মোস্তাফা। তিনি বলেন, বিএনপির কিছু উচ্ছৃঙ্খল লোক এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আমরা দলীয়ভাবে আলোচনার পর আইনগত ব্যবস্থা নেব।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশনে নিজের গাড়ির জন্য জ্বালানি তেল নিতে যান মাছুম মোস্তাফা। ওই সময় তেলের জন্য বিপুলসংখ্যক মোটরসাইকেল চালক ও বেশ কিছু গাড়ি অপেক্ষমাণ ছিল। তাদের পাশ কাটিয়ে এমপির গাড়ি পাম্পে উপস্থিত হলে হঠাৎ করে একদল ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
পজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন জানান, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে।
এ অভিযোগ স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরা হামলার বিষয়টি অস্বীকার করেছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার বলেন, পাম্পে অপেক্ষামান গাড়িকে দাঁড় করিয়ে রেখে এমপির গাড়িকে তেল নেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ লোকজন হামলা চালাতে পারে। তবে এমপির গাড়িতে হামলা বা ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের কোনো সংশিষ্টতা নেই।
তিনি আরও বলেন, এই ঘটনার পর উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন সাহেব আমাকে ফোন করেন। খবর পাওয়া মাত্রই আমি লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে আমার গাড়ির পাহারায় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিই।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান বলেন, ‘ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে এমপিকে নিরাপদে উপজেলা জামায়াত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




















