আটোয়ারীতে গোসল করতে গিয়ে নাগর নদীতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে নানা’র বাড়ী বেড়াতে গিয়ে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রোহান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র দু’দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়ীতে বেড়াতে গিয়েছিল সে। কিন্তু সেখান থেকে আর বাড়ী ফেরা হলো না তার। নিহত শিশু রোহান উপজেলার সুখ্যাতি গ্রামের রমজান আলী’র ছেলে। তার নানার বাড়ী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া গ্রামে। রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষাথর্ী ছিল। পরিবার সূত্রে জানা গেছে, গত পরশু মায়ের সঙ্গে নানা বাড়ী বালাপাড়া গ্রামে বেড়াতে যায় শিশু রোহান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নানা বাড়ীর এলাকার কয়েকজন শিশুর সঙ্গে নাগর নদীতে গোসল করতে যায় সে। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় রোহান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষনিক নদীতে খোজাখুঁজি শুরু করে। একপর্যায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিশু রোহানের আকষ্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে মা-বাবার বুক চাপড়ানো আহাজারীতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মাত্র দু’দিন আগে যে শিশু মায়ের সঙ্গে হাসিমুখে নানা বাড়িতে বেড়াতে গেল, তার এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে আসে গভীর শোক। স্থানীয়রা জানান, নাগর নদীতে বর্ষা মৌসুমে পানির গভীরতা বেড়ে যায়। শিশুদের নদীতে গোসলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। এ ধরণের দুর্ঘটনা এড়াতে শিশুদের একা নদী বা জলাশয়ে যেতে না দেওয়াই উত্তম।



















