আটোয়ারী উপজেলার প্রবেশদ্বারে নবনির্মিত গেইট উদ্বোধন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সৌন্দর্যবর্ধন ও পরিচিতি আরও সুদৃঢ় করতে পঞ্চগড় সদর উপজেলা থেকে আটোয়ারী উপজেলার প্রবেশদ্বারে গোয়ালপাড়া এলাকায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন গেইট। উপজেলার প্রবেশদ্বারের এই নবনির্মিত গেইটটি শনিবার (২৫ জুলাই) বিকেলে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার মুহম্মদ নওশাদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিনী সোনিয়া জামান খান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, পঞ্চগড় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম.এ মজিদ, অ্যাডভোকেট আদম সূফি, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আনজুমান বানু মুক্তি,আটোয়ারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, একটি উপজেলার প্রবেশদ্বার সেই এলাকার পরিচয় বহন করে। আধুনিক ও দৃষ্টিনন্দন এই গেইট আটোয়ারীতে আগত দর্শনাথর্ী ও ভ্রমণকারীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। একই সঙ্গে এটি উপজেলার উন্নয়ন, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং নান্দনিক পরিবেশ সৃষ্টির একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।



















