ডিঙ্গেদহ বাজারে পরিবেশ দূষণ রোধে প্রশাসনের প্রশাসনিক পদক্ষেপ: তামাক বর্জ্য অপসারণ

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে মোহাম্মদী ফার্টিলাইজারে জমিয়ে রাখা পচনশীল তামাকজাত বর্জ্য অপসারণ করে পরিবেশ দূষণের ঝুঁকি থেকে এলাকা রক্ষা করেছে উপজেলা প্রশাসন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের সরাসরি নজরদারি ও নির্দেশে পরিবেশ রক্ষায় এ পদক্ষেপ বাস্তবায়ন করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহ বাজারের ওই ব্যবসা প্রতিষ্ঠানে তামাক বর্জ্য পচানোর ফলে আশপাশে মারাত্মক দুর্গন্ধ ও দূষণ ছড়াচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয়দের মোবাইল বার্তার মাধ্যমে বিষয়টি ইউএনওর নজরে এলে তাৎক্ষণিকভাবে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহসিলদার) সরেজমিনে পাঠান। ওই সময় মোহাম্মদী ফার্টিলাইজারের স্বত্বাধিকারীকে দ্রুত স্থানটি পরিষ্কার করার কড়া তাগিদ দেওয়া হয়।
তবে প্রথম দফার নির্দেশনা উপেক্ষা করায় পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিককে প্রশাসনিক কার্যালয়ে তলব করে দ্রুততম সময়ে বর্জ্য সরাতে বলা হয়। এতেও দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় গত ২৯ সেপ্টেম্বর ইউএনও তিথি মিত্রের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একযোগে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
প্রশাসনের এমন কঠোর ও ধারাবাহিক তৎপরতার মুখে অবশেষে বাধ্য হয়ে প্রতিষ্ঠানের মালিক জমাকৃত সব তামাক বর্জ্য সরিয়ে নেন। এর মাধ্যমে ডিঙ্গেদহ বাজার ও এর আশপাশের বাসিন্দারা পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।
এদিকে জনস্বার্থে দ্রুত তথ্য সরবরাহ করে সহায়তা করায় স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। একই সাথে সকলের সম্মিলিত অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন, সুস্থ ও পরিবেশবান্ধব চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
























