আলমডাঙ্গায় হক ফিলিং স্টেশনে অভিযান অবৈধ ডিজেল মজুদ করায় আটক ২, জরিমানা আদায়

আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ১০৫ লিটার ডিজেল জব্দ করা হয়। জরিমানা করা হয় ৬ হাজার টাকা। সোমবার সকালে আলমডাঙ্গা উপজেলার হক ফিলিং স্টেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈ
মের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, দোকানদার ভাড়া করা লোকের মাধ্যমে অবৈধভাবে ডিজেল মজুদ করছিলেন।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই উপজেলার পার দুর্গাপুরের তাহাজ্জুদের ছেলে রনি এবং ঘোলদাড়ি পাইকপাড়া রনি আহম্মেদ এই দুইজনকে আটক করে জরিমানা আদায় করেন। জব্দকৃত ডিজেল পরবর্তীতে পরিবহন সেক্টরে বিক্রি করা হয়, যার মাধ্যমে ১০ হাজার ৫শ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। অভিযান শেষে জেলা ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















