ইজিবাইক শ্রমিকদের হামলার অভিযোগে চুয়াডাঙ্গায় সব রুটে বাস বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাসশ্রমিকদের ওপর হামলার অভিযোগ এবং সড়কে ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণের দাবিতে আজ শনিবার থেকে চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ। এতে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মালিক সংগঠনের নেতারা। তাদের দাবি, বাসশ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
জানা গেছে, বৃহস্পতিবার দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাতে বাধা দেন। এর জেরে ইজিবাইকচালক ও তার সহযোগীরা আলোকদিয়া এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস থামিয়ে চালক ও সুপারভাইজারকে মারধর এবং বাসে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাসশ্রমিকরা দৌলতদিয়াড় এলাকায় সড়ক অবরোধ করেন। পুলিশ সুপার ও প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য বিচারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
এর আগে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাট বোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ ছিল। এবার শনিবার থেকে জেলার সব রুটে বাস বন্ধের ঘোষণা দেওয়া হলো।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। এ সময় মালিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন,শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।



















