ইরানের সামরিক স্থাপনার আশপাশে বসবাসকারীদের এলাকা ছাড়ার নির্দেশ

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি নাগরিকদের জন্য এক ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। অস্ত্র তৈরির কারখানা ও সংশ্লিষ্ট স্থাপনার আশপাশে যারা বসবাস করছেন, তাদের অবিলম্বে সেসব এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার ফারসি ভাষায় এক বিবৃতিতে আইডিএফ-এর মুখপাত্র অ্যাভিখাই আদ্রায়ি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এ সতর্কবার্তা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে, অবিলম্বে এইসব স্থাপনাগুলোর আশপাশের এলাকা ত্যাগ করুন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিরে আসবেন না। এইসব এলাকায় অবস্থান করা জীবন ঝুঁকিতে ফেলতে পারে।”
অ্যাভিখাই আদ্রায়ি আরও বলেন, এই সতর্কতা কেবল অস্ত্র তৈরির কারখানার ক্ষেত্রেই নয়—যে সব স্থাপনা এই কার্যক্রমে সহায়তা করে, তাদের আশপাশেও এই নির্দেশনা প্রযোজ্য।
এর ঠিক একদিন আগে, শনিবার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরানের প্রতিটি ঘাঁটি ও লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালাবে।”
অন্যদিকে, ইরানও হুমকি দিয়ে জানিয়েছে, যদি ইসরায়েল তার আগ্রাসন অব্যাহত রাখে, তবে তারা তাদের প্রতিক্রিয়ার মাত্রা আরও বাড়িয়ে দেবে।

























