ইরানে নতুন নেতৃত্ব প্রতিশোধের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। এরপরই উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোর ওপর নতুন দফা হামলার ঘোষণা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন শক্তি প্রয়োগের হুমকি অগ্রাহ্য করে এই হামলা চালানো হয়। হামলা পাল্টা চলার মধ্যে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনের জন্য অস্থায়ী তিন সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান।
গতকাল তেহরানে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করে যে তারা আবারও শহরের কেন্দ্রস্থলে লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে- একই সময়ে জেরুজালেম, রিয়াদ, দুবাই, দোহা ও মানামাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরানে রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় ২০১ জন নিহত হয়েছে এবং আরও শতাধিক আহত হয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলায় অন্তত ১১৫ জন নিহত হয়েছে- যাদের প্রায় সবাই সাত থেকে বারো বছর বয়সী কন্যাশিশু।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে ‘মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ বলে আখ্যা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘এই ঐতিহাসিক অপরাধের অপরাধী ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে ইরান তার বৈধ দায়িত্ব ও অধিকার হিসেবে বিবেচনা করে।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রবিবার ঘোষণা করে যে খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনের জন্য অস্থায়ী তিন সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম আয়াতুল্লাহ আলীরেজা আরাফিকে রবিবার অস্থায়ী পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি গোলাম হুসেন মোহসেনি-এজাজি।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি ঘোষণা করেন : ‘ইরানের সাহসী সৈনিকরা এবং মহান জাতি আন্তর্জাতিক নিপীড়কদের এমন শিক্ষা দেবে, যা তারা কখনও ভুলতে পারবে না।’
এদিকে এএফপির এক সাংবাদিক জানান, উত্তর তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। লক্ষ্যবস্তু কী ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ট্রাম্পের ‘নজিরবিহীন শক্তি’ প্রয়োগের হুমকি
এর আগে দীর্ঘদিনের নেতার মৃত্যুর প্রাথমিক খবরে কিছু ইরানি উল্লাস প্রকাশ করলেও রাষ্ট্রীয় গণমাধ্যম হত্যার বিষয়টি নিশ্চিত করার পর সরকারপন্থি বিক্ষোভ গড়ে ওঠে এবং তারা ‘আমেরিকার মৃত্যু হোক!’ সেøাগান দেয়।
প্রতিশোধের দাবিতে জনতা যখন সোচ্চার এবং ইরানের সেনাবাহিনী উপসাগরে মার্কিন ঘাঁটি ও ইরাকি কুর্দিস্তানে হামলার ঘোষণা দেয়- তখন ট্রাম্প ‘আগে কখনও দেখা যায়নি এমন শক্তি’ প্রয়োগের হুমকি দেন এবং ইরানের জনগণকে বিদ্রোহ করে ক্ষমতা দখলের আহ্বান জানান।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রতিবেশী ইরাক ও পাকিস্তানেও ছড়িয়ে পড়ে। এসব হামলায় ৮৬ বছর বয়সী খামেনি এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি নিহত হন। ইরাক ও পাকিস্তানে জনতা মার্কিন কূটনৈতিক মিশনে হামলার চেষ্টা চালায়।
পাকিস্তানের বৃহৎ শহর করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে ইরানপন্থি বিক্ষোভের সময় অন্তত আটজন নিহত হন বলে উদ্ধার সংস্থার মুখপাত্র মুহাম্মদ আমিন জানান। তিনি বলেন, নিহতদের অধিকাংশের শরীরে গুলির চিহ্ন ছিল।
ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে যে খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি, ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ডসের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর উভয়েই নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝড় তোলে। এতে আবুধাবিতে অন্তত দুজন এবং তেলআবিবে একজন নিহত হন। রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর ইরান আরও একটি নতুন দফা হামলা চালাবে।


























