ইরান থেকে ইসরায়েলে হামলা, ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক।।
এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এই ড্রোন হামলায় অন্তত দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরও ২৪ জন। ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
সংবাদমাধ্যমটি জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গত বছর অক্টোবরে গাজায় সামরিক অভিযানের পর এই প্রথম ইরাক থেকে হামলায় ইসরায়েলের কোনো সেনা মারা গেল।
নিহত সেনাদের নামও প্রকাশ করেছে ইসরায়েল। তারা হলেন সার্জেন্ট ড্যানিয়েল আভিভ ও করপোরাল তাল দ্রোর। দুজনের বয়সই ১৯ এবং তারা গোলানি ব্রিগেডের সদস্য।
আর্মি রেডিও জানায়, এই ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। ইরাক থেকে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। তারা গোলান মালভূমির ইসরায়েলি এলাকায় আঘাত আনে।
ইসরায়েলের দাবি, তাদের বিমান বাহিনী একটি ড্রোন প্রতিহত করে। তবে আরেকটি গোলান মালভূমির সেনাশিবিরে বিস্ফোরিত হয়।।


























