ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ একসঙ্গে হওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরণভেদে ছুটির সময় ও পরিমাণে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে জানা গেছে—মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন। অন্যদিকে সবচেয়ে কম ছুটির তালিকায় রয়েছেন সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রাথমিক বিদ্যালয়: ২১ দিনের ছুটি
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৩ জুন থেকে। বিদ্যালয়গুলো ২৩ জুন পুনরায় খুলবে। ফলে প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা পাচ্ছে টানা ২১ দিনের ছুটি।
মাধ্যমিক বিদ্যালয়: টানা ২৩ দিনের অবকাশ
মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হচ্ছে ১ জুন। ঈদের ছুটির সঙ্গে যুক্ত থাকবে গ্রীষ্মকালীন অবকাশও। এসব বিদ্যালয়ে ক্লাস শুরু হবে ২২ জুন থেকে, কারণ ২০ ও ২১ জুন শুক্রবার ও শনিবার পড়ায় সাপ্তাহিক ছুটি থাকছে। সব মিলিয়ে মাধ্যমিকে ২৩ দিনের ছুটি মিলবে।
সরকারি-বেসরকারি কলেজ: শুধুই ঈদের ছুটি
সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য এবার ছুটি তুলনামূলকভাবে কম। শিক্ষাপঞ্জি অনুযায়ী, কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন, যা শেষ হবে ১২ জুন। অর্থাৎ, এখানে শুধু ঈদুল আজহার ছুটি থাকছে; গ্রীষ্মকালীন অবকাশ থাকছে না।
মাদরাসা: সর্বোচ্চ ২৫ দিনের ছুটি
মাদরাসাগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ দিনের টানা ছুটি। তিনটি সরকারি আলিয়া মাদরাসাসহ বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং ক্লাস শুরু হবে ২৬ জুন। এই ছুটি ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বয়ে নির্ধারিত হয়েছে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: ছুটি ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ১ জুন থেকে, চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটির পর ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। ফলে কারিগরি শিক্ষার্থীদের জন্য ছুটি মোট ২১ দিন।
























