এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫-২৯ অক্টোবর, চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সম্মতির পর

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে। এই সময়সীমার মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব উপস্থাপন করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পরই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই নির্দিষ্ট দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
চলতি বছর গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার লক্ষ্য থাকলেও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় লিখিত পরীক্ষা শেষ হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যায়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। সাধারণ ৮টি বোর্ড ছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।


























