এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে বাংলাদেশের জয়ে শুরু

খেলাধুলা ডেস্ক।।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্রতিপক্ষ পূর্ব তিমুরের যুবাদের ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক। এছাড়া একটি করে গোল করেছেন রিফাত কাজী, বায়েজিদ বোস্তামী ও আকাশ আহমেদ।
চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে বাংলাদেশকে আনন্দে ভাসান রিফাত। তাকে অ্যাসিস্ট করে পরে নিজে গোল করতে খুব বেশি সময় নেননি মানিক। ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তার গোলে অ্যাসিস্ট করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে আবারও উদযাপনে মাতেন মানিক-ফয়সালরা। ৪৩ মিনিটে দলের তৃতীয় এবং নিজের জোড়া গোল করেন মানিক। বিরতির পর খেলা শুরু হলে চতুর্থ গোল করেন বায়েজিদ। আর শেষ দিকে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন আকাশ। জয়ের ব্যবধান আরো বড় হতে পারত যদি গোলের সুযোগগুলো মিস না করতো আক্রমনভাগের খেলোয়াড়রা।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী সোমবার ব্রুনেইয়ের বিপক্ষে। নিজেদের গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ চীন, বাহরাইন ও শ্রীলঙ্কা।

























