একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানুন করণীয়

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফল প্রকাশ করা হয়। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারছেন আবেদনকারী শিক্ষার্থীরা।
ফল দেখতে: [xiclassadmission.gov.bd]
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ শিক্ষার্থী। বিপরীতে সারা দেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে সামগ্রিকভাবে আসনের তুলনায় আবেদনকারীর সংখ্যা কম হলেও পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকছে।
নির্বাচিত শিক্ষার্থীদের যা করতে হবে
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। কলেজে মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
যেভাবে দেখবেন ভর্তি ফল
অনলাইনে ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোম পেজের ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তা উল্লেখ থাকবে।
প্রায় ১০ লাখ আবেদন
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছিল গত ২ সেপ্টেম্বর এবং শেষ হয় ১৪ সেপ্টেম্বর। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীরের দেওয়া তথ্য অনুযায়ী, এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।
এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি করা হচ্ছে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণের পর শিক্ষার্থীর ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনা করে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া দেশের প্রায় সব কলেজ ও মাদ্রাসায় এ পদ্ধতিতে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছিল ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পরে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে আরও চার হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে।


























