এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে পূর্বাশা পরিবহনের ধাক্কায় সুপারভাইজার নিহত; আহত ২০

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে পূর্বাশা পরিবহনের ধাক্কা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাসের সুপারভাইজার। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে যাত্রী নিয়ে পূর্বাশা পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে বাসটি সিরাজদিখানের নিমতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে থেমে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের বাঁ পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেক নিহত হন এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে মীর শফিকুল ইসলাম নামের এক যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি আলমডাঙ্গা উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। দুর্ঘটনায় মাথায় আঘাতে পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে যাত্রীরা আটকা পড়ে ছিলেন। সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি হাঁসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নুর বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


















