কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন

অনলাইন ডেস্ক।।
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বেড়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হবে।
এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ১ ফুট এমএসএলে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো হয়।
একপর্যায়ে প্রতিটি জলকপাট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল। পরে হ্রদের পানির উচ্চতা কমে আসায় পর্যায়ক্রমে স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
তবে সাম্প্রতিক সময়ে আবারও কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় শুক্রবার সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় সম্ভাব্য জলাবদ্ধতা ও পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি কমাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।



















