কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

অনলাইন ডেস্ক।।
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় সাপের কামড় খান কৃষক হেলাল বিশ্বাস। কামড় দেওয়া জীবিত সাপটিই ধরে নিয়ে তিনি ছুটে আসেন পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে এসে জানতে পারেন, যে সাপটি তাকে কামড়েছে, তা বিষধর রাসেলস ভাইপার।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে।
সাপে কাটা কৃষক হলেন শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে মো. হেলাল বিশ্বাস।
জানা যায়, পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গেলে কৃষকের পায়ে কিছু একটা কামড়ের অনুভূতি হয়। পরে পায়ের নিচে দেখতে পায় একটি সাপ। পরে সাপের কামড় খাওয়া ওই কৃষকের সঙ্গে অন্য সব কৃষক মিলে সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সাপে কাটা ওই রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, ‘খবর পাই আমার চাচাতো ভাই হেলালকে সাপে কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।’
পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন বলেন, ‘হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলমান রয়েছে। বর্বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।’





















