কার্পাসডাঙ্গায় চার প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে সরকারি নির্দেশনা অমান্য ও নানাবিধ অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তিকে সর্বমোট ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) কার্পাসডাঙ্গা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, চালে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী পাটের বস্তা ব্যবহার না করায় ‘ওয়াসিম ট্রেডার্স’ ও ‘দীন মোহাম্মদ মার্ট’ নামে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুযায়ী আরও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্য করায় বাজারে উপস্থিত দুই ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।
অভিযান শেষে তিনি জানান, পণ্যে পাটজাত মোড়কের সঠিক ব্যবহার নিশ্চিত করা, ভোক্তা অধিকার রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
























