কার্পাসডাঙ্গা ও জুড়ানপুরে মোবাইল কোর্টের অভিযান: দুই ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা, ২ ভুয়া চিকিৎসক কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার ও জুড়ানপুর বটতলা বাজারে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই অভিযানে দুটি ক্লিনিক ও একটি ফার্মেসিকে মোট ৫১ হাজার টাকা জরিমানা এবং দুই ভুয়া চিকিৎসককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে কার্পাসডাঙ্গা বাজারের লাইভ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা এবং নিউ সান ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে জুড়ানপুর বটতলা বাজারের মোল্লা ফার্মেসিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। সেখানে রোগী দেখার নামে প্রতারণা করার অপরাধে ২ জন ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দর্শনার আজমপুর গ্রামের মৃত বিনোত বিহারির ছেলে ইসমাদুল হক (৪৮)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং জুড়ানপুর মাদ্রাসাপাড়ার আজিজুল হকের ছেলে মুফতি আব্দুল মোমিন (৩৭) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নানা অব্যবস্থাপনা ও অভিযোগে উক্ত মোল্লা ফার্মেসিকে আরও ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দর্শনা পৌরসভার প্রশাসক মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি জানান, জনস্বার্থে ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে ভুয়া চিকিৎসক এবং অনুমোদনহীন বা নিয়মনীতি বহির্ভূত ক্লিনিক-ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















